Header Ads Widget

এখন পড়বেন

6/recent/ticker-posts

হে মায়া , এক অন্য মনের গল্প থাকে এখানে

 হে মায়া 

  _____


হতেই পারে তখন শেফালী বনের পাশে বেনামী হওয়া খেলে বেড়াচ্ছে। আকাশে ভয় ভয় মেঘ,  কেন ভয় লাগে জানিনা। 

তবে আলোর অপেক্ষা করতে থাকি অহরহ …


আলো এসে পড়ে কনকচাঁপার বন ছেড়ে অমলতাসের ভিটেমাটি আস্তাবলে। আমরা পিঠোপিঠি বসে থাকি শীত শীত আঁকা এক সুনসান  গতীময়তায়। তারপর গোয়াল পাড়া ছেড়ে এসে নামি। তুলশী পাতা দেওয়া লিকার চা য়ে চুমুক দিই। বাউলানি গেয়ে ওঠেন "চুল ভিজাব না"। এই তো ভয় কেটে উঠছি 

  মানুষ ভিড় জমিয়েছেন কোপাই এর পাড়ে।  নদীতে জল আছে ছড়িয়ে ছিটিয়ে। পাথরে পাথরে যেখানটায় জটলা সেখানটাই আমার ভালো লাগে,  কেমন একটা ঘোর লাগে। নিস্তব্ধ,  কুলুকুলু,  আরো কত কি।


আমি কিছুতেই পালিয়ে আসতে পারিনা। তুমিই কেমন জড়িয়ে থাকো বলে অথবা তোমাকে জড়িয়ে থাকি বলে। 


এখনো সে হাওয়ার বয়েস বাড়েনি। এখনো সে পুতুল দেখতে চায় ছোট্টো মেয়েটির হাতে।  এখনো শর্ষে ফুল ফুটলো কিনা দেখে।


না এখনো শর্ষে ফুল ফোটেনি। তাই তার মন খারাপ। গাছ গুলো ছোটো ছোটো,  হয়তো আর একটু পর ফুল ফুটবে গাছ গুলো তে। 

কোপাই এর পাড়ে তখন কেমন হলুদ বাসন্তীকা ছুঁয়ে যাবে লাল মাটির বেলা। 


বৃষ্টি এলো মন। তোমাকে ভিজিয়ে দেবে না আজ। আজ আমার চশমায় ওকে ঢেকে রাখবো মন। তোমার ঠাণ্ডা লেগে যাবে। 


আমি জোড়ো হয়ে থাকা পাথরে বসে পড়লাম খানিক। ভিজে গেলো তোমার নতুন কেনা পাঞ্জাবি টা। ভিজে গেলো আবহ হৃদয়,  খনিক বদলে যাওয়া আবহাওয়ায়। 


সোনাঝুরির বাগান এখানে তেমন নেই, তবু কেমন মায়া হয়। 


আমাদের পা জড়িয়ে আসছে, এগোতেই পারছিনা,  বেলা বাড়ছে একদল পাখি ডেকে যাচ্ছে,  পাখি নাকি সেই চেয়ে থাকা অমলিন স্তুতিগাথা, শীতবেলা এঁকে চলেছে আপন মনে।  


বাউল টি হাসন রাজা গাইলেন না। আমি তাঁকে বিরক্ত করিনি, কারণ বাউল খারাপ লাগছিলনা। আমি তোমায় দেখে চলেছি আর আমার বেণী কে যত্নে ঢেকে রাখছি আপাতত।  


কোপাই নদীর ও পারটায় কারা হাসাহাসি করছেন,  খুব খুশি হয়ে যাওয়া কিছু মন জলের কাছে ছুমন্তর



আমরা জলের কাছ ছেড়ে এগিয়ে আসি ওপোরটায়, হাট বসেছে পাশাপাশি, রাপার,  শাড়ি,  আরো কতোকি মেয়ে বেলা সাজ। 


ঠাকুমার তিলের নাড়ু আমার মন কাড়লো, তামি হাঁ করে তাকিয়ে থাকলুম তার নাড়ু ভরা কোঁচোড়ের দিকে, তিনি দাদুভাই বলে হাতে দিলেন নরুম গুড়মাখা মিঠি তিলের নাড়ু, আমি তো অবাক হয়ে গেলাম তোমার এমন উপহার পেয়ে। আমার তো ওসব উপহার পাওয়ার মতোই আনন্দ হয় মায়া।    

                                     


ফিরে আসতেই হবে গো শীত,  আবার বসন্তে তোমার সাথে দেখা হবে। কতো মায়া দিয়ে চলে যাও তুমি। কতো মায়া। 

আবার আসবো পলাশ নিয়ে,  কুঁড়ি পলাশ তো বসন্তের শেষে ফোটে,  


সব দোল ফেলে চলে গেলে আমি আসবো মায়া, আমি আসবো কুঁড়ি পলাশ হাতে নিয়ে তোমার কাছাকাছি —


আসি।

                    " ওগো শেফালী বনের মনের কামনা "



সৌম্য সুজন

Post a Comment

0 Comments